বিএনপি চেয়ারাপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার আগের রাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাতে নির্জনতার সুযোগে নাশকতা করতে পারে এজন্য রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি তারা টহল দেবে।

বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাজধানীতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি নামানো হচ্ছে।

এর আগে দেশের সাত জেলায় বিজিবি মোতায়েন করা হয়। জেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জে তিন প্লাটুন, বগুড়ায় তিন প্লাটুন, নারায়ণগঞ্জে তিন প্লাটুন, নোয়াখালীতে এক প্লাটুন, লক্ষ্মীপুরে এক প্লাটুন এবং চাঁদপুরে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাটেও মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়া রাজশাহী শহরে র‍্যাব, পুলিশ ও বিজিবির যৌথ টহল দিচ্ছে।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হচ্ছে। রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা তৎপরতা শুরু করেছে।

রায় নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন জায়গায় নৌপথ, রেলস্টেশন এবং বাস টার্মিনালে তল্লাশি চলছে।