রাজধানীর সড়কে প্রতিদিনই তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। এ অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সড়ক বিভাগে ভিআইপিদের জন্য আলাদা লেন করার প্রস্তাব পাঠানোয় ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ।

তারা বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাস্তা হবে আরও সংকুচিত, বাড়বে ভোগান্তি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশের সড়কগুলোর বর্তমান অবস্থা বিবেচনায় না নিয়ে উন্নত বিশ্বের আদলে এমন লেন করা হলে তা হবে ভুল সিদ্ধান্ত। রাজধানীর রাস্তায় তীব্র যানজট প্রতিদিনের ঘটনা। তাই নিরুপায় নগরবাসীর চলতি পথের এই ভোগান্তি অনেকটা সহ্য হয়ে গেছে।

শুধু সাধারণ মানুষ নয় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মত জরুরি সেবাদানকারী যানবাহনকেও দীর্ঘ সময় যানজটের দুর্ভোগ পোহাতে হয়। তাই যানজটের বিড়ম্বনা এড়াতে চলতি পথে প্রায়ই চোখে পড়ে ভিআইপিদের উল্টো পথে গাড়ি চালানোর দৃশ্য। এর জন্য প্রতিমন্ত্রী, সচিবের মত ভিআইপিদের জরিমানাও গুণতে হয়েছে।

এ অবস্থায় সোমবার মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাদানকারী যানবাহন ও মন্ত্রী, এমপিসহ ভিআইপিদের জন্য রাজধানীর রাস্তায় আলাদা লেন করতে সড়ক পরিবহন বিভাগকে প্রস্তাব দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, ‘অনেক দেশে ভিআইপিদের জন্য আলাদা লেন রয়েছে। আমাদের দেশেও এরকম ব্যবস্থা করা যায় কিনা দেখা হচ্ছে।’

এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। এছাড়া, সাধারণ মানুষও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন না।

সাধারণ জনগণ বলেছেন, ভিআইপি রাস্তা করলে সকালে বের হয়ে বিকেল ৫টায়ও অফিস পৌঁছাতে পারবো না।’

বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভারের কারণে এমনিতেই রাজধানীর রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। তার উপর মেট্রোরেলের কাজসহ প্রতিদিনই রাজধানীর রাস্তায় বাড়ছে গাড়ির চাপ। এ অবস্থায় উন্নত বিশ্বের উদাহরণ টেনে ভিআইপিদের জন্য আলাদা লেন করলে সড়ক আরো সংকুচিত হয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে। মন্ত্রিপরিষদের এই প্রস্তাব কোন ভাবেই জনবান্ধব সিদ্ধান্ত হবে না বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ।

পরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহউদ্দীন বলেন, ‘চাহিদার এক চতুর্থাংশও নেই। অথচ ডিমান্ড ৬টার রাস্তার অলরেডি। এখানে একটা রাস্তার মধ্যে কোনভাবেই সম্ভব নয়।’

এ অবস্থায় মন্ত্রী, এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও প্রধানমন্ত্রীর মত দপ্তরে বসেই ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, পরিকল্পনা ও পরিচালনার মাধ্যমে নিত্যদিনের কাজগুলো পরিচালনা করার পরামর্শও দিয়েছেন তিনি। আর এর মাধ্যমে ভিআইপিদের জন্য রাজধানীর রাস্তায় আলাদা সড়কের প্রয়োজন পড়বে না বলেও মত বিশেষজ্ঞদের।