জাতীয় দলের ক্রিকেটার মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিম সোমবার (৫ ফেব্রুয়ারি) পুত্র সন্তানের জনক হয়েছেন। সকাল ৯ টা ২৮ মিনিটে জান্নাতুল কিফায়াত মন্ডি ও মুশফিকুর রহিমের প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। মুশফিকুর রহিমানের বাবা মাহবুব হাবিব এই খুশির সংবাদ জানিয়েছেন। মা ও পুত্র সন্তান সবাই সুস্থ আছেন।
গতকাল চট্টগ্রাম টেস্ট ড্র করে ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ দল। তবে সন্তান সম্ভবা সহধর্মিনীর পাশে থাকতে ম্যাচ শেষ করেই ঢাকার ফ্লাইট ধরেন মুশফিক। সন্তান ভূমিষ্ট হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্যই চলে আসেন জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
এর আগে জাতীয় দলের ম্যানেজার ও টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গতকাল জানিয়েছেন, ‘সোমবার কিংবা মঙ্গলবারই মুশফিক পরিবারে নতুন অতিথি আগমণের তারিখ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশে বিমান ধরছেন মুশফিক। সন্তান ভূমিষ্ট হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্যই আজ তিনি ঢাকার বিমান ধরছেন।’
গতকাল মুশফিকের সাথে মাহমুদউল্লাহ রিয়াদও ঢাকায় ফিরেছেন। এদিকে পুরো দল ঢাকায় ফিরবে আজ (সোমবার) সকাল ১১টায়।
উল্লেখ্য, সন্তান সম্ভবা সহধর্মিনীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন মুশফিক। কিন্তু তাঁর দুর্ভাগ্য, একই সময়ে জাতীয় দলের আর এক অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ছিলেন ইনজুরিতে। গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারিয়ে ফেলার কারণে, মুশফিকের ছুটি আর মঞ্জুর করেনি বোর্ড। তবে, সময়টা দুই টেস্টের মাঝামাঝি বিরতিতে হওয়ার কারণে মুশফিক স্ত্রী মন্ডির পাশে থাকার সুযোগটা পেয়ে গেলেন।





