বিএনপির নির্বাহী কমিটির সভা ব্যর্থ করতে দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গত চারদিনে ২৭৫ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এখনও নেতাকর্মীদের বাসায় অভিযান চলছে। অথচ প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন।কী অদ্ভুত তার (প্রধানমন্ত্রী) গণতন্ত্র! রাষ্ট্রবিজ্ঞান বইয়ের নতুন অধ্যায়।’ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) হোটেল লা মেরিডিয়ানে সকাল ১০টা থেকে বিএনপি’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।ইতোমধ্যে নির্বাহী কমিটির সভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাহী কমিটির সম্মানিত সদস্যদের মাঝে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা কেন্দ্রীয় কার্যালয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে এসে অনেকেই গ্রেফতার হচ্ছেন। বাসা থেকেও নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছে। বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করা যেন আইন শৃঙ্খলা বাহিনীর পুতুলখেলা। এই রাজনৈতিক পরিস্থিতি প্রমাণ করে সরকার আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।