প্রবাসীদের হটিয়ে স্থানীয়দের জন্য কর্মসংস্থান বাড়াতে চায় সৌদি আরব। সে পরিকল্পনায় দেশটিতে প্রবাসীরা কাজ করে এমন ১২টি সেক্টরে কাজ নিষিদ্ধ করেছে সৌদি সরকার।
বর্তমানে এসব সেক্টরে কাজ করা প্রবাসীদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। নির্দেশনা অমান্য করলে কম্পানির ওপরও বাড়তি কর আরোপ করা হবে, যা বছরে বছরে আরো বাড়বে।
সৌদি শ্রম মন্ত্রণালয়ের ঘোষণাতে জানা গেছে, নিষিদ্ধ ১২ সেক্টরে প্রবাসীরা আর কাজ করতে পারবেন না । সৌদিকরণের ধারাবাহিকতায় এই ১২ সেক্টরে কেবলমাত্র সৌদি নাগরিকরাই কাজ করবে । এসব সেক্টর শুধুমাত্র সৌদি নারী-পুরুষ জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । এই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরবি নতুন বছরে পুরোপুরি কার্যকর করা হবে বলে জানা গেছে ।
সেক্টরগুলো হল- ১. নারী-পুরুষ, শিশুদের রেডিমেট কাপড় ২. ক্রোকারিজ সামগ্রী ৩. গাড়ির শোরুম বা বিক্রয়কেন্দ্র ৪. গাড়ির পার্টসের বিক্রয়কেন্দ্র, ৫.বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বিদ্যুৎ চালিত সামগ্রীর বিক্রয়কেন্দ্র ৬. হাসপাতাল সামগ্রী, যন্ত্রপাতির বিক্রয়কেন্দ্র ৭. চকোলেট বা মিষ্টান্ন জাতীয় বিক্রয়কেন্দ্র ৮.বাড়ি বা গৃহ নির্মাণ সামগ্রী বিক্রয়কেন্দ্র ৯. চশমার উৎপদন ও বিক্রয়কেন্দ্র ১০. ঘড়ির উৎপাদন ও বিক্রয়কেন্দ্র ১১. কার্পেট, পাপোষ জাতীয় বিক্রয়কেন্দ্র ১২. ফার্নিচার বা ডেকোরেশনের বিক্রয়কেন্দ্র।
এই সেক্টরগুলোতে হাজার হাজার প্রবাসীরা কাজ করছেন। ব্যবসা এবং প্রবাসী চাকরির বাজার ক্রমে ধ্বসে যাওয়ার ধারাবাহিকতায় এই ঘোষণা প্রবাসীদের শ্রমবাজারকে আরো বৃহদাকারে সঙ্কুচিত করলো । প্রবাসীদের কাছে এ খবর বজ্রপাতের মতই বলে বিভিন্ন প্রবাসী মতামত দিয়েছেন ।
এছাড়া যেসব কম্পানিতে প্রবাসীর সংখ্যা স্থানীয় নাগরিকদের সমান বা তার কম—তাদের জন্য চলতি মাস থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে জনপ্রতি ৬৬ হাজার টাকা করে মাসিক ফি দিতে হবে। ২০১৯ সালের জানুয়ারিতে এটা হবে এক লাখ ১০ হাজার টাকা। আর ২০২০ সালের জানুয়ারিতে হবে এক লাখ ৬৪ হাজার টাকা। স্থানীয়দের চেয়ে কম্পানিতে প্রবাসী বেশি হলে ওই কম্পানিকে জনপ্রতি চলতি জানুয়ারিতে দিতে হবে ৮৮ হাজার টাকা; ২০১৯ সালে দিতে হবে এক লাখ ৪৪ হাজার এবং ২০২০ সালে দিতে হবে এক লাখ ৮৮ হাজার টাকস।
তবে প্রবাসীদের রেমিট্যান্সের ওপর ট্যাক্স বসানোর যে চিন্তা ছিল তা কার্যকর হচ্ছে না। এ ধরনের পরিকল্পনা আপাতত সৌদি আরবের নেই বলে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। সৌদি সরকারের হিসাবে দেশটিতে মোট প্রবাসী রয়েছে প্রায় ৯০ লাখ। এর মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশি।
এর পাশাপাশি ‘সৌদি আরবে প্রবাসীদের ওপর পারিবারিক করকে ‘মরার ওপর খাঁরার ঘা’ হিসেবে বিবেচনা করছেন প্রবাসীরা। দেশটিতে পরিবার নিয়ে বসবাস করতে চাইলে প্রবাসীদের এখন থেকে বড় অঙ্কের মাসুল দিয়েই থাকতে হবে। দেশটিতে গত ১ জুলাই থেকে ‘পারিবারিক কর’ বা ‘প্রবাসী কর’ নামে নতুন কর কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীদের সঙ্গে নির্ভরশীল সদস্য যে কয়জন থাকবে তাদের জন্য প্রতিমাসে ৪৪ হাজার টাকা করে ফি দিতে হবে। এটা বছরে বছরে বাড়ানো হবে। অর্থাৎ ২০১৯ সালে হবে ৬৬ হাজার আর ২০২০ সালে হবে ৮৮ হাজার টাকা। প্রবাসীরা আবাসন অনুমোদন নবায়নের জন্য গেলে তাদের এ ফি প্রদান করতে হবে।





