হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরে ত্রিদেশীয় সিরিজের মাঝ পথে বাংলাদেশ ছেড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ত্রিদেশীয় সিরিজে আর খেলা হচ্ছে না সেটা তখনই জানা গিয়েছিল।
পরে জানা গেল, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতেও খেলা নিয়ে শঙ্কা লঙ্কান তারকার। সেই শঙ্কাটাই সত্যি হলো। শ্রীলঙ্কার জন্য যা বেদনার হলেও, বাংলাদেশের জন্য দারুণ সুখবর!
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না লঙ্কান তারকা, বিষয়টি নিশ্চিত। ক্যারিয়ারজুড়েই ইনজুরির সঙ্গে লড়াই করছেন ম্যাথুস। ইনজুরির কারণে কতোবার যে ছিটকে পড়তে হয়েছে ম্যাথুসের হয়তো নিজেরও মনে নেই!
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর স্বেচ্ছাই অধিনায়কত্ব ছেড়েছিলেন। তারপর বেশ কয়েকজন মিলে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করেছেন।
হাথুরুসিংহে কোচের দায়িত্ব নেওয়ার পর আবারও ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনেন ম্যাথুসকে। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজটাই ছিল দ্বিতীয় দফায় অধিনায়ক ম্যাথুসের প্রথম মিশন।
কিন্তু মাঝখানেই ছিটকে পড়তে হয় ইনজুরিতে। তার বদলে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন দিনেশ চান্দিমাল।
টেস্টে অবশ্য আগে থেকেই অধিনায়ক তিনি। তবে মিডল অর্ডারে বড় এক ভরসার নাম ম্যাথুস। প্রথম টেস্টে তাকে নিশ্চিতভাবেই মিস করছে শ্রীলঙ্কা।





