মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় অবস্থিত ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পারাপারে নিজ গাড়ী বহরের টোল আদায় করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমীতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।
তিনি দলের প্রতিনিধি সভায় আসার পথে মুক্তারপুর এলাকার সেতু পারাপারে নিজের গাড়ী বহরের টোল আদায় করেন। আবার ঢাকায় ফেরার পথেও গাড়ী বহরের টোল আদায় করেছেন। আসা ও যাওয়া মিলিয়ে দুই বার ১৯ টি করে গাড়ী বহরের ১ হাজার ৫’শ ৬০ টাকা টোল দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী।
এ ব্যাপারে গাড়ী বহরে থাকা সংশ্লিষ্টরা বলেন, সেতুটির মালিক সড়ক ও সেতু মন্ত্রনালয়। তারপরও সড়ক ও সেতু মন্ত্রী সব সময়ই যে কোন সেতু পারাপারে টোল দিয়ে সচেতনতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে থাকেন।





