অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ দাবি জানিয়েছেন।
রোববার বিকেলে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে তার ব্যক্তিগত উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সিলেটের কৃতী সন্তান এবং দেশের সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জ্যেষ্ঠ এ নেতা দীর্ঘদিন ধরে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আমি মনে করি প্রবীণ এ নেতার জন্য এখন প্রয়োজন বঙ্গভবন। সিলেটের একজন নাগরিক হিসেবে আবুল মাল আবদুল মুহিতকে রাষ্ট্রপতি করার দাবি জানাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
মিসবাহ সিরাজ আরও বলেন, প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন তিনি সিলেটের বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। এ কারণে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তার জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।





