কুয়েতে পাসপোর্ট বা কোনো কাগজপত্র নেই যে সব অবৈধ বাংলাদেশিরা শর্তানুযায়ী জরিমানা দিয়ে বৈধ হতে আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মিরসরাই সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এ কথা বলেন।

এ ছাড়া যাদের কাছে পাসপোর্ট আছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দূতাবাসে যোগাযোগ করতে বলেন তিনি। আগামী ২৯ জানুয়ারি হতে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৮টি বুথে এ জরুরি সেবা দেয়া হবে।

রাষ্ট্রদূত বলেন,‘যাদের নামে ক্রিমিনাল মামলা বা কুয়েত সরকারের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে তারা এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত বা সাধারণ ক্ষমার সুযোগ পাবে না।’তাদেরকে স্থানীয় রেসিডেন্সিয়াল বিষয়ক বিভাগে যোগাযোগের পরার্মশ দেন তিনি।এ সময় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আরও বলেন,

‘ছয় বছর পর বিভিন্ন কারণে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষাণা করেছে কুয়েত সরকার, অবৈধ বাংলাদেশিদের এ সুযোগ কাজে লাগানোর অনুরোধ করেন তিনি।’

এ ছাড়া সভা-সেমিনারের মাধ্যমে কুয়েতে অবৈধ বাংলাদেশিদের মাঝে সচেতনতা বাড়াতে সেখানে প্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার এবং প্রবাসীদের কল্যাণে কাজ করতে আহ্বান জানান তিনি।