আদালতের রায় খালেদা জিয়ার বিপক্ষে গেলে বিএনপি নানা হুমকি দিচ্ছেন। তারা সারা দেশে আন্দোলন করবে, সহিংসতা করবে। যারা আদালতের রায় মানেন না, আদালতের বিরুদ্ধে আন্দোলন করতে চায়, তাদের হাতে গণতন্ত্র ও দেশের বিচার ব্যবস্থা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আওয়ামী লীগ মনোনয়ন দিবে বলেও জানিয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে সাভারের হেমায়েতপুরে “সিঙ্গাইর-মানিকগঞ্জ-হেমায়েতপুর” আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, দেশের আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন। কারণ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও সাংসদরাও দুর্নীতি মামলায় হাজিরা দিচ্ছেন। এমনকি মন্ত্রীর ছেলে জেল খাটছেন। তাহলে বিএনপি কিভাবে বলে আদালত স্বাধীন নয়।
আঞ্চলিক মহাসড়ক উদ্বোধনকালে মন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।





