সাতক্ষীরার শ্যামনগর যাত্রী ছাউনিতে মাটিতে বসে অসহায় মানুষদের সঙ্গে বসে সকালের নাস্তা করেছেন সাতক্ষীরা – ৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
শুক্রবার উপজেলার বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনিতে মাটিতে বসে গরীব অসহায় ভ্যানচালক, শ্রমিক, দিনমজুর মানুষের সঙ্গে সকালের নাস্তা করেন তিনি। সাংসদের সঙ্গে একসাথে সকালের খাবার খেয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষগুলো।
পরোটা এবং ডাল খেতে খেতে সকলের কাছে জগলুল হায়দার বলেন, দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবে যেন আপনাদের সাথে মিশে যেতে পারি। এ সময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে সকলকে অনুরোধ করেন।
শ্রমিকদের সঙ্গে মাটি কাটা, রমজানে গরিব মানুষের মাঝে ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ করার পাশাপশি রাস্তার পাগলকে নিজের জন্য কেনা ঈদের পাঞ্জাবি পরিয়ে দিয়ে এর আগে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এমপি জগলুল। এমন কাজ করায় বেশ কিছুদিন তিনি সংবাদের শিরোনামও হন।





