নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে সংঘর্ষের দিন নিয়াজুল ইসলাম খানের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে একটি ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

পিস্তলটি ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে পুলিশ। ইতালির তৈরি ৭ পয়েন্ট ৬ বোরের অস্ত্রটি নিয়াজুলের নামে লাইসেন্স করা।এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত ওসি আব্দুর রাজ্জাক জানান, টহল পুলিশ ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে। পরে থানায় এনে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় সেটা নিয়াজুলের পিস্তল। নিয়াজুলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে গত ১৬ জানুয়ারি চাষাঢ়ায় সংঘর্ষের সময় পিস্তল বের করেন নিয়াজুল। পরে তাকে আইভীর সমর্থকরা রাস্তায় ফেলে মারধর করে। এসময় তার পিস্তলটি খোয়া যায়। পরদিন অস্ত্রের মালিক নিয়াজুল ইসলাম তার ছোট ভাই রিপন খানের মাধ্যমে সদর মডেল থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অস্ত্র লুটের ঘটনায় অভিযোগ দেন। পুলিশ সেটাকে জিডি হিসেবে গ্রহণ করে।