আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি।

শুক্রবার আন্তর্জাতিক ১৮তম ক্বিরাত সম্মেলনে প্রধান অতিধি হিসেবে তিনি যোগ দেবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (২৬ জানুয়ারি) এই ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবারের সম্মেলনে অংশ নেয়ার পর ২৮ জানুয়ারি শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি অংশ নেবেন চট্টগ্রাম শহরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে। তিনি সেখানে এশার নামাজের ইমামতিও করবেন।

এবারের ক্বিরাত সম্মেলনে ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি ছাড়াও অংশ নিচ্ছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারি মিশরের ড. আহমাদ আহমাদ নাইমা। এছাড়াও অংশ নেবেন ইরানের বিখ্যাত ক্বারি সাইয়্যেদ জাওয়াদ হোসাইনি এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ক্বারি আহমাদ বিন ইউসুল আল আযহারী। ভারত, আলজেরিয়া ও সিরিয়া’র বিখ্যাত ক্বারিগণও অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

ক্বিরাত সম্মেলন অনুষ্ঠানটির আয়োজন করেছে আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইকরা)। আর এর সার্বিক সহযোগিতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি।

এ ব্যাপারে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এবারের কেরাত সম্মেলনে লক্ষাধিক মুসল্লির সমাগম হবে। গ্রান্ড মুফতি ২৫ জানুয়ারি ঢাকায় আসবেন। ২৬ জানুয়ারি বায়তুল মোকাররমে একটি কর্মসূচিতে অংশ নেবেন। ২৮ জানুয়ারি চট্টগ্রাম আসবেন।