যৌতুকবিরোধী আইনের দৃষ্টান্ত হিসেবে বিয়ের ৪ বছর পর শাশুড়িকে যৌতুকের টাকা ফেরত দিলেন মেয়ের জামাই। একইসঙ্গে স্ত্রীর মোহরানা পরিশোধের জন্য জমি লিখে দিয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার ৭নং ওয়ার্ড চেরেঙ্গা মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০১৪ সালে ওই গ্রামের মৃত সুলতান মামুদের মেয়ে রোজিনার সঙ্গে পার্শ্ববর্তী সবুজপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে এরশাদ আলীর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ৯০ হাজার টাকা ও একটি গরু দেয়া হয়। এরপর কেটে গেছে চার বছর।

অভাবের সংসার হলেও সুখে কাটছে তাদের দিন। ইতোমধ্যেই কোলজুড়ে এসেছে একটি কন্যা সন্তান। কিন্তু এরশাদ যৌতুকের ৯০ হাজার টাকা নিয়ে বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ! তাই নিজের পরিশ্রমের সঞ্চয়কৃত টাকাসহ যৌতুক হিসেবে নেয়া গাভীটিও ফেরত দেন শাশুড়ি রাবেয়া বেওয়ার কাছে।

এ বিষয়ে শাশুড়ি রাবেয়া জানান, এমন জামাই পেয়ে তিনি গর্বিত। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এরশাদ আলীতে এক নজর দেখার জন্য তার বাড়িতে ছুটে যান এলাকার অনেকেই।

এবিষয়ে সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান ও মসজিদের ঈমাম আকবর আলী বলেন, “এরশাদ যা করলো তা দেখে আমাদের শিক্ষা নেয়া উচিত।”