মোবাইলে পরিচয়, প্রেম, তারপর বিয়ে। বিয়ের পর ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। হঠাৎই ওই সুখের সংসারে নেমে এলো অন্ধকার।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বদিউজ্জামানের মেয়ে রিমা আক্তার ফাতেমার (২০)। দুই বছর আগে একই উপজেলার শাহপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মোহাম্মদ রাজুর (২৫) সাথে তার বিয়ে হয়।

বিয়ের পর চাটখিল পৌর শহরের বাজারে বাবা-মা ও বড় ভাইয়ের স্ত্রী এবং নিজের স্ত্রী ফাতেমাকে নিয়ে ভাড়া থাকতো রাজু। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঘটলো এক অনাকাঙ্খিত ঘটনা। পরিবারের সবার অজান্তে ১২টার দিকে ভাড়া বাসায় ফাতেমা নিজেদের শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রাজুর বড় ভাইয়ের স্ত্রী তানিয়া আক্তার জানান, পেশায় ভিডিও ক্যমেরাম্যান তার দেবর রাজু গত ২ দিন থেকে পেশাগত কাজে বাহিরে অবস্থান করছে। তার দাবি, তার দেবর কিংবা শ্বাশুড়িসহ কারো সাথে ফাতেমার কোন মনোমালিন্যও হয়নি যাতে সে আত্মহত্যা করতে পারে।

ফাতেমার মা বললেন, তার সাথে সর্বশেষ রবিবার রাতে তার মেয়ের কথা হয় তাতেও তিনি কোন সমস্যার কথা শুনেননি। তার মেয়ের আকস্মিক এমন আত্মহননে তিনিও বিস্মিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ওসি জহিরুল আনোয়ার বলেন, লাশ ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।