দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহীর মহানগর মুখ্য হাকিমের আদালতে আলাদা দুটি মানহানির মামলা করা হয়। আদালতের বিচারক মাহবুবুর রহমান দুটি মামলা আমলে নিয়েছেন।

একটি মামলার বাদি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। অন্যটি করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ দারা। আদালতে হাজির হয়ে তারা এ মামলা করেন।

বাদিপক্ষের আইনজীবী এজাজুল হক মানু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১১ ও ১৪ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ও ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে প্রথম আলো পত্রিকায় দুইটি সংবাদ প্রকাশ করা হয়।

এতে তাদের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, দলীয় ও রাষ্ট্রীয় খ্যাতি ও সুনাম নষ্ট করা হয়েছে। যাতে আসামিরা দণ্ডবিধির ৪৯৯/৫০০ ধারায় অপরাধ করেছেন।