ময়মনসিংহে ফারহানা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় আবুল কাশেম নামে এক তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে মামলা দায়েরের বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) খন্দকার শাকের আহমেদ।
তিনি জানিয়েছেন, এ ঘটনায় শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে হোটেলে যেতে রাজি না হওয়ায় শহরস্থ গাঙ্গিনারপাড় মোড়ে ফারহানাকে কুপিয়ে গুরুতর জখম করে ওই যুবক। ফারহানা নগরীর মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী।এ ঘটনার পর উপস্থিত জনতা ফারহানাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে।
মামলার এজাহারে জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেজপাটুলি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আবুল কাশেমের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ওই কলেজ ছাত্রীর। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন। সম্প্রতি মেয়েটি আবুল কাশেমকে এড়িয়ে চলতে শুরু করেন। শুক্রবার রাতে কৌশলে মেয়েটিকে গাঙ্গিনারপাড় মোড়ে ডেকে আনেন আবুল কাশেম। এসময় তিনি মেয়েটিকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন। এতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে ফারহানার গলায়, হাতে ও মাথায় কুপিয়ে পালিয়ে যায় ওই তরুণ।





