আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, অতীত অপকর্মের কারণেই বেগম খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন।

তিনি আরো বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে কী হবে সেটা ভাবার দরকার নাই। যখন ভোট হবে তখন ভাবলেই চলবে কতটা ভোট পাওয়া যাবে। শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, জনগণ মির্জা ফখরুল ইসলামের কাছে গিয়ে বলে আসে নাই যে, এই মুহূর্তে ভোট হলে ৮০ ভাগ ভোট তাদের দেবে। বিএনপির যে কতটুকু জনপ্রিয়তা আছে সেটা জনগণ দেখেছে। জনপ্রিয়তা থাকলে ২০১৪ সালের নির্বাচনে তারা অংশ নিতো। তিনি আরো বলেন, আমরা অপেক্ষায় আছি আগামী নির্বাচনে অংশ নিয়ে তারা প্রমাণ করুক কত ভাগ মানুষ তাদের পক্ষে আছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার জয়নুল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।