নাটোরের লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে সুদের টাকা পরিশোধ না করায় দিনমজুর মোস্তফা আলীকে (৫৫) কিল ঘুষি ও বুকের ওপর চড়ে পদদলিত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মোস্তফা ওই গ্রামের মৃত হজরত আলীর ছেলে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, তিন মাস আগে মোস্তফা পাশের গ্রাম বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়ার সুদের ব্যবসায়ী গৌতম মেকারের কাছ থেকে শতকরা ২০ টাকা হার সুদে ৬ হাজার টাকা করে ১২ হাজার টাকা গ্রহন করেন। সময়মত সে টাকা ফেরত দিতে না পারায় বৃহস্পতিবার বিকেলে গৌতম মেকার ও তার কর্মচারী সবুজ মোস্তফাকে কয়েন বাজার এলাকা থেকে ধরে পাশ্ববর্তি সানোয়ারের আমবাগানে নিয়ে যায়। সেখানে তাকে কিল ঘুষি ও বুকের ওপর চড়ে পদদলিত করে করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভ্যানযোগে বাড়িতে পৌছে দেয়। বাড়ি থেকে বনপাড়ার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে সন্ধায় তার মৃত্যু হয়।

স্থানীয় কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা জানান, সুদের টাকার জন্য মোস্তফার বুকের ওপর ওঠে তাকে পদদলিত করে আহত করা হলে পরে তার মৃত্যু হয়।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়ি লালপুর উপজেলায় হলেও ঘটনাস্থল বড়াইগ্রাম উপজেলায়। ফলে সেখানের পুলিশ ব্যবস্থা নেবে। রিপোর্ট লেখা পর্যন্ত বড়াইগ্রাম থানায় কোন মামলা হয়নি।