জেলার করিমগঞ্জ উপজেলায় ১৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। রোববার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে আটককৃতদেরকে সাংবাদিকদের সামনে আনা হয়।
আটক মাদক বিক্রেতারা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকার হারুন অর রশীদের ছেলে টিপু মিয়া (২৫) এবং একই এলাকার মৃত অব্দুল মালেক মিয়ার ছেলে মো. নাসির (৪০)।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক লে. এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা রক্ষিত একটি ঘর থেকে এক হাজার ছয়শ পিস ইয়াবাসহ টিপু মিয়া ও মো. নাসিরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরো সিমসহ তিনটি মোবাইল সেট জব্দ করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





