বিশ্ব ইজতেমার ৫৩তম আসরে যোগ দিতে এসে এক মালয়েশিয়ান মুসল্লির মৃত্যু হয়েছে। ওই মালয়েশিয়ান মুসল্লির নাম নূরহান বিন আব্দুর রহমান।

দুই পর্বের ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনেই বার্ধক্যজনিত কারণে ওই ব্যক্তি মারা যান। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমা পরিচালনা কমিটির প্রকৌশলী মাওলানা মো. গিয়াস উদ্দিন।

তিনি জানিয়েছেন, নুরহান বিন আব্দুর রহমান ইজতেমা ময়দানে বিদেশি নিবাসে অবস্থান করছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে ইজতেমায় যোগ দিতে আসা এক বিদেশিসহ মোট চারজনে মৃত্যু হল।

প্রসঙ্গত, ইজতেমার প্রথম পর্ব আগামী রোববার জোহরের নামাজের আগে আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আর ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২১ জানুয়ারি।