প্রতিদিন কোর্ট সাড়ে ৯টায় বসে। এভাবে দেরি করে ১২টায় আসা যাবে না। এভাবে দেরি করলে আমি কীভাবে আদালত চালাবো? সময় মতো আসবেন। আমি সাড়ে ১০টায় আদালত শুরু করব।’

বুধবার বেলা ১২টার দিকে খালেদা জিয়ার যুক্তিতর্ক শুনানির সময় এসব কথা বলেন বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। এসময় তিনি বৃহস্পতিবারও সকাল ১০টার মধ্যে খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বুধবার বেলা ১১টা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে ১১টা ৫৩ মিনিটে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান বেগম খালেদা জিয়া।

এ দুই মামলায় খালেদার পক্ষে ৮ম দিনের যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী এজে মোহাম্মদ আলী এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।

এদিকে খালেদা জিয়ার হাজিরা ঘিরে আদালত ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আদালতের প্রধান ফটকে স্ক্যানার বসিয়ে তল্লাশি করে ভেতরে ঢোকানো হয়।

উল্লেখ্য, আজ অষ্টম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারও এ শুনানির দিন রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।