সৌদি আরবের নতুন কর নীতি অনুযায়ী প্রবাসী শ্রমিকদের আয়কর বাড়ছে বলে প্রবাসী কমিউনিটিতে যে তথ্য ছড়ানো হচ্ছে তাকে ‘গুজব’ বলে দাবি করেছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএলএসডি)। মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খইলের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানায় সৌদি গেজেট।

পত্রিকাটিকে খালেদ আবা আল খইল বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কর বাড়ানোর যে তথ্য ছড়ানো হচ্ছে এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এগুলো গুজব। বিদেশি শ্রমিকদের ওপর নতুন কর আরোপের কোনো ইচ্ছাই আমাদের নেই।”

তার দাবি, প্রবাসীদের নিয়োগ ও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ৬০টি চাকরির ক্ষেত্র বাতিল করা হচ্ছে বলেও যে সব খবর বেড়িয়েছে তা ভুল, মাত্র ১৯টি চাকরির ক্ষেত্র সীমিত করা হচ্ছে।

প্রবাসী শ্রমিকদের মাসিক বেতন তিন হাজার সৌদি রিয়ালের বেশি হলেই তাদের ১০ শতাংশ কর দিতে হবে বলে যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলেও উল্লেখ করা হয়েছে পত্রিকাটির প্রতিবেদনে।