ঠিক ১৩ বছর আগে শীতের এই দিনটাতে অন্য রকম অনুভূতি নিয়ে ঘুম ভেঙেছিল সবার। ২০০৫ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন ছিল সেটি।

প্রতিপক্ষের ৭টি উইকেট নিতে পারলেই ইতিহাসে প্রথম টেস্ট স্বাদ। পুরো বাংলাদেশকে তাই অন্য রকম শিহরণ ছুঁয়ে গিয়েছিল। হাবিবুল বাশারের নেতৃাধীন বাংলাদেশ সেদিন দুপুরের মধ্যেই কাজটা সেরে ছিলেন। বাংলাদেশের ক্রিকেট পা দিয়েছিল নতুন দিগন্তে।

১৩ বছর পূর্তিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ম্যাচটিতে তো একবার চোখ বোলানো যেতেই পারে। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৮৮ রান সংগ্রহ করে। সেঞ্চুরির ইনিংস না এলেও চার চারটি ফিফটির ইনিংস এসেছিল সেদিন। হাবিবুল সর্বোচ্চ ৯৪, রাজিন সালেহ ৮৯, মোহাম্মদ রফিক ৬৯ ও নাফিস ইকবালের ব্যাট থেকে ৫৬ রান। এছাড়া খালেদ মাসুদ ৪৯ ও মাশরাফির ব্যাট থেকে এসেছিল ৪৮ রান।