ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরকে বিয়ে করতে চান। তাই সারার ফোন নম্বর জোগাড় করে সটান তাঁকে ফোন করে বিয়ের প্রস্তাব দিয়ে গ্রেফতার হয়েছিলেন যুবক।
সচিনের মেয়ে সারা তেন্ডুলকরকে উত্যক্ত করার অভিযোগে ৪৮ ঘণ্টা আগেই পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে দেবকুমার মাইতি নামের যুবককে গ্রেফতার করা হয়েছিল। রবিবার স্থানীয় পুলিশ গ্রেফতারের পর সোমবার মুম্বই পুলিশ বান্দ্রায় নিয়ে আসে ৩৪ বছরের দেবকুমারকে।
পুলিশি জেরায় দেবকুমার বিস্ফোরক সমস্ত তথ্য প্রকাশ্যে আনেন। তিনি বলেন, শুধু বিয়ের প্রস্তাবই নয়, একাধিকবার সচিনের বাড়িতে ফোন করেছিল সে। সারার রূপে পাগল হয়ে একাধিকবার অনুসরণও করে সে। ২ জানুয়ারি সচিনের বাড়িতে প্রায় ১৫ বার ফোন করেছিল এই যুবক। বর্তমানে পুলিশের হেফাজতে থাকলেও দেবকুমার জানিয়েছে, সে ভবিষ্যতেও সারাকেও ছাড়বে না।
বাঙালি হলেও দেবকুমার কিন্তু ঝরঝরে হিন্দি বলতে পারে। কীভাবে সচিনের মেয়ের নাগাল পেল দেবকুমার? সে জানিয়েছে, বেশিরভাগ সময়েই মহাতারকা ক্রিকেটারের ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলত সে। ফোন করে সচিনের ব্যক্তিগত সহকারীকে বলত, সারাকেই সে বিয়ে করতে চায়। কারণ সচিনের মেয়ের প্রেমে সে পাগল।
জাতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দেবকুমারকে জেরা করেছে যে পুলিশ আধিকারিকরা, তাঁরাই দেবকুমারের মোবাইল বাজেয়াপ্ত করেছে। আদালতের তরফে ১১ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, ধৃত যুবক মানসিকভাবেও সুস্থ নন। এবেলা





