ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মেয়েকে বিয়ে করতে চায় সে। তাই নম্বর জোগাড় করে সরাসরি শচিনের মেয়েকেই ফোন করে বিয়ের প্রস্তাব। শচিনের মেয়েকে ফোন করে উত্যক্ত করার জন্য গ্রেফতার হলেন ভারতের পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা এক যুবক।
শনিবার রাতেই মুম্বাই পুলিশের একটি দল এসে ওই যুবককে গ্রেফতার করেছে। যদিও ধৃতের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন।
অভিযুক্ত যুবকের নাম দেবকুমার মাইতি। পনেরো-বিশ দিন আগে শচিনের মেয়েকে ফোন করে বিয়ের প্রস্তাব দেয় সে। শচিনের অফিসেও সে ফোন করেছিল বলে সূত্রের দাবি। এর পরেই মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন শচিন। তদন্তে নেমে দেবকুমারের খোঁজ পায় পুলিশ।
এর পরেই শনিবার মহিষাদল পৌঁছয় মুম্বাই পুলিশের বিশেষ দল। মহিষাদল থানার পুলিশের সাহায্য নিয়ে রাতেই আন্দুলিয়ায় তার গ্রেফতার করা হয় অভিযুক্ত দেবকুমারকে। এ দিনই তাকে হলদিয়া আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার আবেদন জানাবে পুলিশ। কীভাবে দেবকুমার সারার মোবাইল নম্বর পেল, তাও খতিয়ে দেখা হবে।
অভিযুক্ত দেবকুমারের পরিবারের অবশ্য দাবি, সে মানসিক ভারসাম্যহীন। প্রায় আট বছর ধরে তার চিকিৎসা চলছে। বছরখানেক আগে মুম্বাইতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল দেবকুমার। ওই আত্মীয়ই তাকে যাবতীয় নম্বর জোগাড় করে দেন বলে দেবকুমারের পরিবারের দাবি। সেই নম্বরেই কয়েকদিন আগে ফোন করে দেবকুমার।





