বঙ্গোপসাগরের কক্সবাজারের তীরবর্তী এলাকা থেকে ১৫ কোটি টাকা মূল্যের পাঁচ লাখ ইয়াবা এবং ইয়াবা বহনকারী মাছধরার নৌকাসহ আট পাচারকারীকে আটক করেছে র্যাব।
আজ শুক্রবার সকালে বঙ্গোপসাগরের কক্সবাজারের উপকূলবর্তী এলাকা থেকে একটি মাছধরার নৌকা ধাওয়া করে এসব ইয়াবাসহ আট পাচারকারীকে আটক করা হয়।
আটক পাচারকারীরা হলেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার গহিরা এলাকার বাসিন্দা মো. কালু মাঝি, মো. রফিক, মো. রফিকুল, মো. হাসান, হাসমত আলী, নুরুল আলম, মো. নাসির এবং মজিবুল ইসলাম।
র্যাব ৭ কক্সবাজার ক্যাম্পে আজ শুক্রবার সন্ধ্যায় প্রেসব্রিফিংয়ে কম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, একটি মাদক সিন্ডিকেট মাছ ধরার নৌকায় করে বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার থেকে কক্সবাজারের দিকে যাত্রা করছে বলে গোপন সংবাদ ছিল।
এই তথ্যর ভিত্তিতে আজ শুক্রবার সকালে র্যাব ৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহম্মদের নেতৃত্বে র্যাবের একটি দল বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলীয় এলাকায় একটি মাছ ধরার নৌকায় তল্লাশি করে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারের আট পাচারকারীকে আটক করা হয়।





