আর কয়েকদিন পরেই (১৫ই জানুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শনিবার (৬ই জানুয়ারি) এবং মঙ্গলবার (৯ই জানুয়ারি) দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

তবে হতাশার খবর হলো এই দুই ম্যাচের একটিতেও খেলা হচ্ছে না তরুণ টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। এ থেকে বুঝা যাই ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ মোসাদ্দেক ।

তবে প্রস্তুতি ম্যাচে না খেললেও আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ

ক্রিকেট লীগে (বিসিএল) সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন মোসাদ্দেক বলে জানিয়েছেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সেন্ট্রাল জোনের পক্ষে মিডল অর্ডার এই ব্যাটসম্যান দীর্ঘ সময় ধরে ব্যাটিং করতে সক্ষম হবে এবং নিজেকে ঝালিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচক। তবে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে না রাখা হলেও সৈকতের ওয়ানডেতে ডাক পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি নান্নু।

এই প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সে অবশ্যই ওয়ানডেতে ডাক পাওয়ার দৌড়ে আছে। তবে আমরা চাই সে যেন বড় ইনিংস খেলতে পারে, তাই আমরা তাঁকে বিসিএলে পাঠিয়েছি। ’

তবে নান্নু সরাসরি কিছু না বললেও, সৈকতের ওয়ানডে একাদশে জায়গা পাওয়া অনেকটা অনিশ্চিত বলেই ধরে নেয়া যায়। কেননা নির্বাচকেরা মূলত প্রস্তুতি ম্যাচের পারফর্মেন্সের ওপর ভিত্তি করেই চূড়ান্ত দল নির্বাচন করবেন।