নতুন করে তিনমন্ত্রী ও এক প্রতিমন্ত্রী মঙ্গলবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন। বুধবার (৩ জানুয়ারি) নতুন মন্ত্রীদের মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। পাশাপাশি পুরনোদের মধ্যে বেশ রদবদল হয়েছে।

মঙ্গলবার শপথ নেয়া তিন পূর্ণ মন্ত্রীর মধ্যে নারায়ণ চন্দ্র চন্দ তার পুরনো মন্ত্রণালয় মৎস্য ও প্রাণিসম্পদেই থাকছেন। তিনি এতদিন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর মারা যাওয়ার পর থেকে পদটি খালি ছিল।

টেকনোক্র্যাট কোটায় শপথ নেয়ার আগে থেকেই মোস্তফা জব্বারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল। হয়েছেও তা। তাকেই দেয়া হয়েছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিমেরও দায়িত্ব বদল হয়েছে। তাকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী থেকে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার (৩ জানুয়ারি) তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যাক্ত করেন তারানা হালিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ শেষ করে এনেছি। স্যাটেলাইট বিষয়ে মানুষের কোনও ধারণা ছিল না, থাকলেও ভ্রান্ত ধারণা ছিল। আমি সেই ধারণা সৃষ্টি করেছি এবং ভ্রান্ত ধারণা পাল্টে দিয়েছি। এরকম পরিস্থিতিতে আমাকে সরিয়ে দেওয়াটা মানুষ হিসেবে একটু লাগে। আমি তো ফেরেশতা নই, অন্য কিছুও নই; মানুষ। রক্তে-মাংসে গড়া।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তারপরও আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী শেখ হাসিনার ওপর। তিনি আমাকে দু’বার এমপি বানিয়েছেন, প্রতিমন্ত্রী বানিয়েছেন।

এছাড়ারও দপ্তর বদল হয়েছে আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর। জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ এখন থেকে সামলাবেন পরিবেশ ও বন মন্ত্রণালয়। আর আনোয়ার হোসেন মঞ্জু সামলাবেন পানিসম্পদ মন্ত্রণালয়।

উল্লেখ্য, জাসদ সভাপতি হাসানুল হক ইনু গত চার বছর ধরে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মন্ত্রণালয়ে এতদিন কোনো প্রতিমন্ত্রী ছিলেন না।