ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অনেক ক্রিকেটার টি-টোয়েন্টির ধুম-ধারাক্কা এই আসরে খেলতে মুখিয়ে থাকেন। বাংলাদেশের সাকিব আল হাসান খেলেছে ছয় বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর মুস্তাফিজুর রহমানকেও দেখা গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে।
এই দুই ক্রিকেটারের সাথে আরো ৬ জন টাইগার ক্রিকেটার থাকবেন এবারের নিলামে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে আগ্রহী ৮ জন বাংলাদেশী ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের নিলামে উঠতে আগ্রহ প্রকাশ করা ক্রিকেটারদের নাম গত (২ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা ৮ বাংলাদেশী ক্রিকেটার হলেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু।
নিলাম হবে দুই দিন ধরে। নিলাম অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে। এবারের নিলামের জন্য নতুন কিছু নিয়ম যোগ করা হয়েছে। খেলোয়াড় ধরে রাখার সংখ্যা প্রথমে তিন থাকলেও পরে সেটা বাড়িয়ে পাঁচে আনা হয়েছে।
আসন্ন আসরে অংশ নেয়া ৮টি দলকে ৪ জানুয়ারির মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রদান করতে বলা হয়েছে। এদিকে নিলামের জন্য দলগুলো সর্বোচ্চ ৮০ কোটি রুপি ব্যয় করতে পারবে। এ বছর ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের ১১তম আসর।





