সাভারে আশুলিয়ার নবীনগরে ছিনতাই চক্রের ৭ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। তবে ভুক্তভোগীর খোয়া যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার করা যায়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে এক নারীর চেইন ছিনতাইয়ের সময় হাতে-নাতে আটক করা হয় এই ছিনতাই চক্রের ৭ সদস্যকে।

আটককৃতরা হলো- ফুলচান বেগম, জুলেহা বেগম, হানু বেগম, তাসলিমা বেগম, আজুফা, শারমিন ওশাসুরনাহার। আটককৃতরা সবাই ব্রাক্ষণবাড়িয়া জেলার বাসিন্ধা।

ভুক্তভোগী নারী মনিকা বেগম বিডি২৪লাইভকে জানান, সকালে দুই বছরের শিশুকে নিয়ে নবীনগর থেকে গাজীপুরের উদ্দেশ্যে লোকাল বাসে করে রওয়া হই। সিট না পেয়ে দাঁড়িয়ে থাকি। ভিড়ের মধ্যে হঠাৎ করে ৭-৮ জন নারী কৌশলে ঘিরে ধরে আমাদের। এর কিছুক্ষণ পর বুঝতে পারি আমার ও আমার মেয়ে গলার সোনার চেইন ছিনিয়ে নিয়েছে তারা। ঘটনাটি আশুলিয়া থানাকে অবহিত করলে সন্দেহজনক ৭ নারী আটক করে পুলিশ।

আশুলিয়া থানার এস আই লোকমান হোসেন বিডি২৪লাইভকে জানান, ছিনতাইয়ের খবর পেয়ে হাতে-নাতে ওই ৭ জনকে আটক হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন কৌশলে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি ভুক্তভোগী নারীর খোয়া যাওয়া চেইন উদ্ধারের চেষ্টা চলছে।