দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইরানে চলমান আন্দোলন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তেজিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

রবিবার অফিসিয়াল টুইটারে পেজে এক বার্তায় আব্দুল্লাহিয়ান বলেন, “জনাব ট্রাম্প, আপনি উত্তেজিত হবেন না। মানুষের অর্থনৈতিক দাবি এবং সংঘাতের মধ্যে পার্থক্য রয়েছে। ইরানের জনগণ হোয়াইট হাউজের সন্ত্রাসী এবং প্রতারণামূলক নীতির চেয়ে জাতীয় নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতাকেই অধিক পছন্দ করেন।”

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ইরানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে সরকারবিরোধী আন্দোলন করে আসছে। তবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য তারা আন্দোলন করছে না বলে দাবি করে আসছে ইরান সরকার। এর মধ্যে বিক্ষোভে আমরিকা জড়িত বলে মন্তব্য করেছেন পশ্চিমা বিশ্লেষক ও ‘পলিটিক্স ফার্স্ট’ নামের একটি লন্ডনভিত্তিক ম্যাগাজিনের সম্পাদক মারকাস পাপাদোপুলোস।