ভূতের মতো উল্টোদিকে চলে বিএনপি বিদ্যুৎ উন্নয়নে আওয়ামী লীগ ও বিএনপি সরকারের আমলের পার্থক্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে বিএনপির কাছ থেকে ক্ষমতা নেয়ার সময় দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ১৬০০ মেগাওয়াট।
সেটি ২০০১ সালে ৪৩০০ মেগাওয়াটে উন্নয়ন করেছিল আওয়ামী লীগ। কিন্তু বিএনপি পাঁচ বছরে উৎপাদন বাড়াতে পারেনি, উল্টো কমিয়ে দিয়েছে।
‘মানুষ সামনের দিকে আগায়, আর এরা পেছন দিকে যায়’-মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘কথায় আছে ভূতের পা পেছন দিকে চলে। বিএনপি ক্ষমতায় আসলে দেশ পেছন দিকে চলে যায়। কারণ তারা অদ্ভুত হয়ে দেশে আসে, ভূতের মতো তারা দেশ চালায়।’
বিদ্যুৎ উৎপাদন কমিয়ে ফেলা ছাড়াও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৃণমূলের মানুষদের জন্য করা কমিউনিটি সেন্টার বন্ধ করে দেয়া এবং সঙ্গে আন্দোলনের নামে নাশকতার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সরকার দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করে বিনা পয়সায় ৩০ প্রকার ওষুধ দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘৯৬ সালে আমি কমিউনিটি ক্লিনিক করলাম, খালেদা জিয়া এসে বন্ধ করে দিল। বলল কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিলে সবাই নৌকায় ভোট দেবে, তাই বন্ধ করে দিল। ২০০৯ সালে এসে আবার আমরা সেই কমিউনিটি ক্লিনিক আবার চালু করেছি, আজকে ঘরের কাছে বসে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে।’
‘আমরা পাঁচ বছর ক্ষমতায় ছিলাম। বিদ্যুৎ বৃদ্ধি করেছিলাম, শিক্ষার মান উন্নত করা এবং সাক্ষরতার হার বৃদ্ধি করেছিলাম, খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, দারিদ্র্যের হার কমেছিল, মানুষের মনে স্বস্তি ফিরে এসেছিল।’
‘কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট কারচুপি করে গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় এসে দুর্ণীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, একই দিনে সারা বাংলাদেশে পাঁচশ জায়গায় বোমা হামলা, বাংলাভাই সৃষ্টি এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছিল।’
বিএনপি-জামায়াতের লুটপাটের জন্যই জরুরি অবস্থা জারি হয়েছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা।





