ওমরা পালনে গিয়ে সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর একদিন পর চলে গেলেন ইতালি প্রবাসী কামরুল ইসলাম ওরফে নিলয়ও।

৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিলয়ের চাচাত ভাই সরকার আমিন।

মক্কা প্রবাসী নয়ন শেখ জানান, পরিবারের সদস্যদের নিয়ে গত শনিবার ইতালি থেকে সৌদি আরবে যান নিলয়। গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ওমরা পালন শেষে প্রাইভেটকারে করে সপরিবারে মদিনা যাচ্ছিলেন তিনি। গাড়িটি চালাচ্ছিলেন জুয়েল নামে নিলয়ের এক স্বজন। পাহাড়ি পথে তাদের প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০), ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেনের (৩) মৃত্যু হয়।

আর আহত নিলয় ও জুয়েলকে কিং আব্দুল আজিজ হাসপাতালে নেওয়া হয়। নিহতের চাচাতো ভাই সরকার আমিন জানান, নিলয়ের অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে স্থানান্তর করা হয়।

আরেক মক্কা প্রবাসী আলাউদ্দিন জানান, নিলয়ে স্ত্রী-সন্তানদের মরদেহ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ায়। তিনিও ওই এলাকার বাসিন্দা।