বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর নিরাপত্তা নির্দেশাবলী সংবলিত একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে৷ কিন্তু ভিডিও-র নীচে বিমানের সেবার মান নিয়ে তির্যক মন্তব্যও উঠে এসেছে অনেক৷
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমানে ভ্রমণকালীন নানা ধরনের নিরাপত্তার কথা ভাবতে হয় যাত্রীদের৷ তবে নতুন ভ্রমণকারীরা এর অনেক কিছু সম্পর্কেই আগে থেকে ওয়াকিবহাল থাকেন না৷ এ সব যাত্রীদের কথা মাথায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরাপত্তা সংক্রান্ত একটি ‘প্রমোশনাল ভিডিও’ তৈরি করেছে৷ চার মিনিটেরও বেশি সময়ের এই ভিডিওটি ভাইরাল হয়েছে ‘ভাইসব মিডিয়া’ নামের একটি বিজ্ঞাপনী সংস্থার ইউটিউব চ্যানেলে৷
এ বছরের জুলাই মাসের শুরুতে ‘আপলোড’ হওয়া এ ভিডিওটি এখনও পর্যন্ত দেখা হয়েছে ১৬ লাখেরও বেশিবার৷ ভিডিওটি পছন্দ করেছেন আট হাজারের বেশি মানুষ৷ অন্যদিকে অপছন্দ করেছেন এক হাজারেরও বেশি৷ আর এতে মন্তব্য করেছেন আড়াইশ’ জনেরও বেশি লোকজন৷
বিমান বাংলাদেশের এ ভিডিওটির নীচে যেসব মন্তব্য রয়েছে, তাতে এর সেবার মানের দুর্দশার একটি চিত্র খুঁজে পাওয়া যায়৷ আনোয়ার বিন মাহফুজ নামে একজন মন্তব্য করেছেন –
‘‘বিদেশ থেকে বাড়িতে যাওয়ার জন্য যখন বাংলাদেশ বিমানে গিয়ে বসি, আপনাদের কিছু বাজে কেবিন ক্রুদের ব্যাবহারে আর বাংলাদেশ বিমানে যেতে ইচ্ছে করে না৷ আপনারা চেহারা আর দেশ দেখে মানুষকে ব্যাবহার, মানে কথা বলেন৷ যেমন ইউরোপের যাত্রী হলে ওদের গায়ে পড়ে যান আর মিডেল ইস্টের হলে ওদের সাথে ভালোভাবে কথা বলতে চান না৷”
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





