বিদেশ থেকে ভেজাল ওষুধ আমদানি করে দেশে বাজারজাত করা চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই ভেজাল ওষুধ তৈরি এবং আমদানিতে খরচ হতো মাত্র ১২ টাকা, কিন্তু বাজারে তা বিক্রি করা হতো ২শ’ থেকে ৩শ’ টাকায়।

ক্যান্সারের ভুয়া প্রতিষেধকসহ বিভিন্ন ভেজাল ওষুধ চীনে তৈরি করে দেশের বাজারে ছড়িয়ে দেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম। এসময় তাদের কাছ থেকে প্রায় ২১ হাজার পাতা ওষুধ জব্দ করা হয়। আটকরা হলেন- রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী, নিখিল রাজবংশী ও মো. সাঈদ।

শুক্রবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন: আমরা তাদের কাছে এমটিএক্স, ক্লোমাইড ও রিভোকন নামে তিন ধরনের ভেজাল ওষুধ পেয়েছি। এসব ওষুধ প্রতি পাতা তৈরি এবং আমদানীতে তাদের ব্যয় হতো ১২ টাকা। আর তারা তাদের এজেন্টদের কাছে ৮০-৯০ টাকায় বিক্রি করতো। খুচরা পর্যায়ে এসব ওষুধ ২শ’ থেকে ৩শ’ টাকায় বিক্রি করা হতো।