নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড। এটা হারতে হারতে খাদের কিনারায় থাকা সফরকারীদের জন্য আরকেটি বড় ধাক্কা।
‘ব্যক্তিগত’ কারণে শুক্রবার থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে পোলার্ডের নাম প্রত্যাহারের বিষয়টি আজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।
চলতি সফরে নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের সিরিজে প্রতিটি ম্যাচই চার দিনের মধ্যে পরাজিত হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবিয়রা। এবার সফরের শেষ দিকে এসে সফরকারী দলে এটা দ্বিতীয় পরিবর্তন। দলটিকে ইনজুরিতে থাকা রেন্সফোর্ড বিটনের বিকল্প খেলোয়াড় ডাকতে হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘ব্যাক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেয়া অল-রাউন্ডার পোলার্ডের পরিবর্তে দলে খেলবেন বাঁ-হাতি ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। এছাড়া সাইড স্ট্রেইনে পড়ে দেশে ফিরে যাওয়া পেসার রেন্সফোর্ড বিটনের পরিবর্তে বাঁ-হাতি ফাস্ট বোলার শেলডন কট্রেলকে দলে নেয়া হয়েছে। ‘
ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় টেস্ট ও ওয়ানডের ব্যর্থতা ভুলে ওয়েস্ট ইন্ডিজ শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলে মনে করছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন।
তার ভাষায়, ‘এই ফরম্যাটে নিঃসন্দেহে তাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। টপ এবং মিডল অর্ডারে তাদের বেশ কিছু ব্যাটসম্যান আছে যারা আইপিএল-বিপিএলে খুব ভালো করছে। নিঃ সন্দেহে তারা আমাদের একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। ‘
নিয়মিত অধিনায়ক কেন উইলয়ামসনকে বিশ্রাম দেয়ায় তিন ম্যাচ সিরিজে আগামীকাল প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টিম সাউদি।





