পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে এখনও চলছে। ভোট গ্রহণ শেষ হবে বিকাল ৪টায়।

এরমধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাইথারদিয়া কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট কেন্দ্র হিসেবে যে ভবনটি নির্বাচন করা হয়েছে সেখানে বিদ্যুৎ নেই। তাই রুমে মোমবাতির আলো দিয়েই চলছে ভোট গ্রহণ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এ কেন্দ্রে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, এখানে টয়লেটের ব্যবস্থাও নেই। ভোট কেন্দ্র হিসেবে কেন এ ভবনটি নির্বাচন করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে কেন্দ্রে ভেতরে গিয়ে দেখা যায়, রুমগুলো অনেক ছোট। ভোটাররা আড়াআড়িভাবে দাঁড়িয়েছেন লাইন ধরে। ভেতরে গিজগিজে পরিবেশ। তবে এ কেন্দ্রে ভোটারসংখ্যা উল্লেখযোগ্য। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। নিরাপদেই ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন ভোটাররা।