পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে এখনও চলছে। ভোট গ্রহণ শেষ হবে বিকাল ৪টায়।
এরমধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে কাউয়াদি সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণের ৩টি কক্ষের মধ্যে ২টি কক্ষে ধানের শীষের কোনো এজেন্ট নেই।
এ বিষয়ে জানতে চাইলে এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সত্যজিৎ দাস বিডি২৪লাইভকে বলেন, সকাল থেকে তারা ছিল। এখন খেতে গেছে।
সবাই কক্ষে থাকলেও শুধুমাত্র বিএনপির এজেন্ট কেন খেতে গেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তাদের ব্যাপার। তবে এখন ভোটার কম।
এসময় তিনি দাবি করেন, সকাল থেকেই এ কেন্দ্রে মাঠ ভর্তি প্রশাসন ছিল। তাই কোনো অনিয়ম হয়নি। সকালে ভোটারদের প্রেসার বেশী ছিল, এখন তেমন নেই।





