পঞ্চম বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটা নিয়ে কম জল ঘোলা হলো না। এবারের বিপিএলের একমাত্র ‘কলঙ্ক’ বলা হচ্ছে ওই ম্যাচের নাটকীয়তাকে। বৃষ্টির কারণে দুদিন অনুষ্ঠিত হওয়া ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় রংপুর রাইডার্স।
ম্যাচের পর কুমিল্লার পক্ষ থেকে অনেক অভিযোগ তোলা হয়। রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়েও কথা বলা হয় কুমিল্লার পক্ষ থেকে।
আগের দুই বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি। কোন কারণে কুমিল্লা ছেড়ে এবার নেতৃত্ব দিয়েছেন রংপুর রাইডার্সকে। যাতে আকার-ইঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির সমালোচনা করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক পক্ষের পক্ষ থেকে। বিষয়টি মাশরাফিকে কষ্ট দেওয়ারই কথা।
তবে সেটা মনের ভেতরই রেখেছেন মাশরাফি। একটা বিষয় অবশ্য পরিষ্কার করলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। বিষয়টা হলো, তিনি কুমিল্লা ছাড়ার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সই তাকে রাখতে চায়নি। তার জায়গায় আগে থেকেই তামিম ইকবালকে আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছিল কুমিল্লা, বললেন মাশরাফি।
দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি তুলে ধরেছেন মাশরাফি। তিনি বলেন, ‘তামিমকে তারা (কুমিল্লা) অনেক আগেই দলে টেনেছিল। ব্যক্তিগতভাবে কামাল ভাইকে (কুমিল্লার মালিক আ হ ম মুস্তাফা কামাল) আমি অনেক সম্মান করি। তিনি বোর্ড সভাপতি ছিলেন। আমার অনেক বিপদের সময় পাশে ছিলেন। উনার সঙ্গে আমার কোন খারাপ সম্পর্ক নেই। কাজটা হচ্ছে উনি আমাকে রাখতে না চেয়ে তামিমকে রাখতে চেয়েছেন। ফলে আমি আরেক দলে খেলেছি। আর উনি উনার জায়গা ঠিক আছেন।’
মাশরাফি যোগ করেছেন, ‘আপনি যখন একটা টিম বানাবেন, আপনার পূর্ণ অধিকার আছে টিমকে সেরা বানানোর। সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যক্তিগত সম্পর্কের দিকে তাকাবেন না। আপনার টিম বানাতে সেরা খেলোয়াড়দের দিকে নজর দিবেন। সেভাবেই তারা আমার জায়গায় তামিমকে নিয়েছে। তামিম হচ্ছে বাংলাদেশের সেরা দুই-তিন খেলোয়াড়ের মধ্যে একজন। আমার বিশ্বাস এটাতে কারো কোনো সন্দেহ নেই। এটা পেশাদার জায়গা। এখানে প্রশ্নই উঠেনা ব্যক্তিগত দ্বন্দ্বে যাওয়া।’




