মিরপুরে-১০ এ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে বিভিন্ন ভবনের বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও কার-পার্কিয়ের জায়গায় অবৈধভাবে নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের দায়ে ২৬টি দোকান উচ্ছেদসহ ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

অভিযানে মিরপুরের সেকশন-১০ এর ১ নং রোডের ‘ফাহাদ কমপ্লেক্স মার্কেট’ এর বেজমেন্ট ও কার-পার্কিয়ের জায়গায় একটি সাইবার ক্যাফে কাম স্টুডিও ও ১৩ টি দোকান সম্পূর্ণ রূপে উচ্ছেদ ও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই রোডের ‘নূর ম্যানশন’ মার্কেট এর কার-পার্কিয়ের জায়গায় ৩টি দোকান উচ্ছেদ করা হয়। প্লট নং ৩ এর বেজমেন্টে ফ্যাশন শো-রুম ‘রেক্স’ সহ মোট ৩টি দোকান উচ্ছেদ করা হয়। প্লট নং ৫ এর ‘আন্থা প্লাজা’র কার-পার্কিয়ের স্থলে একটি ফাস্ট ফুড ও একটি ফ্যাশন শো-রুম ‘ইজি’ অপসারণ করা হয়।

প্লট নং ৬ এর ‘খান প্লাজা’র গ্রাউন্ড ফ্লোরে ২টি কাপড়ের দোকান উচ্ছেদ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। প্লট নং ৭ ও ৮ এর ‘অপি প্লাজা’র কার-পার্কিয়ের স্থলে ফাস্ট ফুড ‘সিপি’ ও একটি ব্যাংকের এটিএম বুথ ছিল। ফাস্ট ফুডের দোকান উচ্ছেদ ও এটিএম বুথ টি ১৫ দিনের মধ্যে সরিয়ে নেয়ার মুচলেকা নেওয়া হয়। প্লট নং ৯ এর কার-পার্কিয়ের স্থলে ৪টি বিভিন্ন ধরণের দোকান অপসারণ করা হয়। প্লট নং ১০ এর কার-পার্কিয়ের স্থলে একটি সুপার শপকে ৫ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের মধ্যে সরিয়ে নেয়ার মুচলেকা নেওয়া হয়। প্লট নং ১১ এর ‘মিরপুর ডিজিটাল ডায়গনস্টিক লি:’ এর বেজমেন্টে স্টোর রুম, অফিস কক্ষ, ডাক্তারদের চেম্বার, ফিজিওথেরাপি কক্ষ ও কনফারেন্স রুম থাকায় আংশিক উচ্ছেদ করে ৪ লাখ টাকা জরিমানা ও বাকি অংশ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার মুচলেকা নেওয়া হয়।

এছাড়া মিরপুর গোল চত্বরের ‘শাহ আলী মার্কেট’ এর বেজমেন্ট ও কার-পার্কিয়ের স্থলে একটি অফিস ও মিরপুর আদর্শ স্কুলের সামনে ‘এপেক্স’ এর একটি শো-রুম উচ্ছেদ করা হয়। অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।