ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মচারী বদলিকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। কর্মচারীদের সংগঠনগুলো একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার হাসপাতালের কনফারেন্স রুমে নার্সিং, তৃতীয় ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী ঐক্যপরিষদ আয়োজিত এক যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের জানান, আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ১১টায় হাসপাতালের সকল কর্মচারী বিক্ষোভ মিছিল করবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের পর থেকে তাদের আন্দোলন কর্মবিরতিতে রূপান্তরিত করা হবে। বিজয় দিবসের আগে তারা বৃহত্তর কর্মসূচিতে যেতে চাইছেন না।
ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আসাদুজ্জামান জুয়েল, আরিফুল ইসলাম, আবু সাইদ, মজিবর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন হাসপাতালের কিচেন সুপারভাইজার আবু সাইদ মিয়াকে অন্যায়ভাবে বদলির আদেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে এই বদলির আদেশ প্রত্যাহারের জন্য সংগঠনগুলোর পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। কিন্তু আবেদন প্রত্যাহার না হলে পরিষদের পক্ষ থেকে ধর্মঘটসহ কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এজন্য সৃষ্ট সকল অসুবিধার দায়ভার কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে জানানো হয়েছে।




