প্রতিবছর ১৫ আগস্ট জন্মদিন পালন করার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই দিন ধার্য করেন।
এই আদালতে আজ খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার পুলিশ প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।
গত বছরের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন।
আরজিতে বলা হয়, খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে ১৯৯৭ সালে ১৯ ও ২২ আগস্ট দুই জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার নম্বরপত্র অনুযায়ী জন্মতারিখ ৫ সেপ্টেম্বর ১৯৪৬ সাল। ১৯৯১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে তাঁর জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জন্মদিন লেখা হয় ১৯ আগস্ট ১৯৪৫ সাল। তাঁর বিয়ের কাবিননামায় জন্মদিন ৪ আগস্ট ১৯৪৪ সাল। সর্বশেষ ২০০১ সালে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী তাঁর জন্মদিন ৫ আগস্ট ১৯৪৬ সাল।
এতে আরো বলা হয়, বিভিন্ন মাধ্যমে তাঁর পাঁচটি জন্মদিন পাওয়া গেলেও কোথাও ১৫ আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি পাঁচটি জন্মদিনের একটিও পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর জাতীয় শোক দিবসে আনন্দ উৎসব করে জন্মদিন পালন করে আসছেন। শুধু বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তিনি ওই দিন জন্মদিন পালন করেন বলেও অভিযোগ করা হয়।




