কাগজেকলমেই শুধু নয়, জস বাটলার অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যেন দাঁড়াতেই পারছেন না এই ইংলিশ হাইপ্রোফাইল ব্যাটসম্যান।
দলের গুরুত্বপূর্ণ সময়ে তার ব্যাটে রান না পেয়ে অধিনায়ক তামিম ইকবালও খানিকটা হতাশ। তার মতে, টাকা দিয়ে ভাল খেলোয়াড় কেনা যায়। কিন্তু পারফরম্যান্স নয়।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে স্রেফ উড়ে গেছে কুমিল্লা। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরেছে ৯৫ রানের বিশাল ব্যবধানে। পুরো টুর্নামেন্টজুড়ে এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হার। সর্বোচ্চ ৯৯ রানে হারের লজ্জার রেকর্ড গড়ে রাজশাহী কিংস। সেটাও এই ঢাকার বিপক্ষেই।
ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে জায়গা করে নিত কুমিল্লা। হারের কারণে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। কিন্তু সেসব ছাপিয়ে শুক্রবারের সংবাদ সম্মেলনে উঠে এল বাটলারের ব্যাটিং ব্যর্থতা।
তামিম বললেন, ‘ক্রিকেটে যেকোন সময় যেকোন কিছু হতে পারে। জস বাটলার বলেই যে সব সিরিজে বা ম্যাচে ভাল করবে তা নয়। মানুষের খারাপ দিন আসে। সে ভাল করলে আমাদের ব্যাটিং ইউনিটটা দারুণ হবে। আমরা জানি সে কতটা ভাল ব্যাটসম্যান। আমরা আসলে টাকা দিয়ে ভাল খেলয়াড় আনতে পারব, কিন্তু পারফরম্যান্স পাব না। ব্যাটসম্যানদের জীবনে এমন দিন আসেই। তা সে জস বাটলার হোক, তামিম ইকবাল হোক বা শচিন টেন্ডুলকারই হোক।’
কুমিল্লার হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র দুই রানে আউট হয়েছিলেন বাটলার। পরের তিন ম্যাচে যথাক্রমে ৫০, ৪৮ ও ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু আবারও রান খরায় ভুগতে শুরু করেন। সেই রান খরা শুক্রবার পর্যন্তও কাটাতে পারেননি তিনি। শেষ নয় ম্যাচে ব্যাট করেছেন আটটিতে। যেখানে দুই অঙ্কের রানে পৌছতে পেরেছেন মাত্র দুইবার। সেগুলো ছিল ১১ ও ১৫ রানের ইনিংস।
সবকিছু মিলিয়েই ফাইনালে ওঠার লড়াইয়ে বাটলারের ব্যাটে রান চাইছেন তামিমসহ দলের বাকি ক্রিকেটাররা। বিশেষ করে রোববার বাঁচামরার ব্যাটেই তাকিয়ে থাকবে কুমিল্লা।




