প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে আসিয়ান সদস্যরা। কেউ কেউ প্রকাশ্যে না বললেও চাপ দেওয়া হচ্ছে। সবাই চায় রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফিরে যাক। আমরাও তাই প্রত্যাশা করি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় শুরু হওয়া এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে শেখ হাসিনা গত ৩ থেকে ৫ ডিসেম্বর তিন দিন সে দেশ সফর করেন। এ সফরের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রধামন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে কি না?
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে আমরা সমর্থন পাচ্ছি। কম্বোডিয়ার প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন- আসিয়ানে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রতিবেশি দেশ হিসেবে আমি চাই মিয়ানমারের সঙ্গে সৎ প্রতিবেশিসুলভ সম্পর্ক থাকুক। রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। অবশ্যই তাদের ফেরত নিতে হবে।




