বিভিন্ন হেটেলে অতিথি সেজে ১২০ টি টেলিভিশন চুরির ঘটনা ঘটেছে। গত চার মাস ধরে বাসুদেব নানাইয়া নামের এক ব্যাক্তি এই কান্ড ঘটিয়ে চলেছে বলে জানা গেছে। সে ভারতের বিভিন্ন হোটেলে অতিথি সেজে এসে টিভি চুরি করে নিয়ে যায়। সম্প্রতি পুলিশ তাকে আটক করেছে বলে জানায় কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, তারা ২০টি চুরি যাওয়া টেলিভিশন জব্দ করেছে। এছাড়াও তারা জানতে পেরেছে যে ঐ ব্যাক্তি তামিলনাডু ও অন্ধ্র প্রদেশে প্রায় দুই ডজন স্যুটকেস রেখে গেছে। পুলিশ ধারনা করছে গত চার মাসে আরও প্রায় ১০০টি টেলিভিশন চুরি করতে স্যুটকেসগুলো ব্যবহার করা হয়।

৩৪ বছর বয়সী বাসুদেব বিভিন্ন হোটেলে থাকতো এবং বের হওয়ার সময় ব্যাগে টেলিভিশন ভরে নিতো। কোন টেলিভিশন তার ব্যাগে না ঢুকলে সে বাজার থেকে বড় স্যুটকেস কিনে আনতো বলে জানায় পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে হোটেল কর্মীরা বলে, বাসুদেবের খুব ভাল আচরণ ছিল বলে তাকে সন্দেহ করা হয়নি। তিনি অল্প অগ্রিম পরিশোধ করে বেশ কয়েক দিন থাকার কথা বলতেন। তবে সাধারণত শীঘ্রই বের হয়ে যেতেন।

ব্যাঙ্গালুরু’র ডেপুটি কমিশনার চেতন সিং রাঠোর সংবাদ মাধ্যম এএফপি’কে জানান, ‘আমরা চলতি মাসের শুরুর দিকে তাকে গ্রেফতার করি। তিনি এক দোকানে টেলিভিশন বিক্রি করতে গেলে, ওই দোকানের কর্মকর্তা সন্দেহ করে আমাদের অবহিত করে।’

পুলিশি হেফাজতে বাসুদেব জানায়, তিনি টিভি চুরি করতেন কারণ এটিতে অপেক্ষাকৃত কম ঝুঁকিপুর্ণ এবং কাজটা সহজ। তিনি আরও বলেন, তার সাম্প্রতিক চুরি করা টেলিভিশন বিক্রি করে যে অর্থ পেয়েছেন তা পূর্ববর্তী চুরির দায়ে আদালতে আইনি ফি জমা দিতে কাজে লাগায়।