কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই শিশু সন্তানসহ মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার হোতা প্রতিবেশি মবিনকে (২৫) আটক করেছে পুলিশ।

মবিন তারাকান্দি পূর্বপাড়া গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ গুরু দয়াল সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।

নিহত তিনজন হলেন, তারাকান্দি পূর্বপাড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (২৮), ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইসা (৮)। গুরুতর আহত মোশারফ হোসেন পাকুন্দিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আব্দুল মবিনের পরিবারের সঙ্গে তাসলিমা বেগমের পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন আব্দুল মবিনকে ধরে পুলিশে সোপর্দ করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন।