সৌদি আরবে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বাংলাদেশি। এদের একজনের নাম মাঈন উদ্দিন শাহ আলম ও অপরজনের নাম নুর ইসলাম।সৌদি আরবের আল খারিজ নামক স্থানে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ হারায় মাঈন উদ্দিন শাহ আলম।
নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন জানান, নিহত মাঈন উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদিআরবে থাকতো, সে সৌদিআরবের রিয়াদ শহর থেকে ৮০ কিঃ মিঃ দূরে আল খারিজ নামক স্থানে ভাড়ায় একটি দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। মঙ্গলবার রাত ১০ টায় দোকানে একদল ছিনতাইকারী হানা দেয়।
ছিনতাইকারীরা দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় মাঈন উদ্দিন তাদের পিছু নিয়ে ধাওয়া করে হাইওয়ে রাস্তায় গেলে তাকে দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে স্থানীয় কিং খালিদ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর দিন দুপুরে নিহতের খালাতো ভাই সুমন বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। নিহত মাঈন উদ্দিন ৩ ভাই ১ বোনের মধ্যে বড় ছিল। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
অন্যদিকে গত সোমবার দাম্মাম শহরের হাফার আল বাতেন সংলগ্ন আল কাইছুমায় কর্মরত অবস্থায় বিল্ডিংয়ের দেওয়াল চাপা পড়ে নুর ইসলাম নামে এক বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। নিহত নুর ইসলাম ফ্রি ভিসায় দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।





