ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে নৌকা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পোপের হাতে নৌকা উপহার তুলে দেন তিনি।

বিকালে সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান দূতাবাসে যান। এ সময় জাতিক জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পুত্রবধূ পেপ্পি সিদ্দিক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকালে আওয়ামী লীগের সভাপতি তাঁকে স্যুভেনির হিসেবে একটি নৌকা উপহার দেন।

পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার (৩১ নভেম্বর) দুপুরে মিয়ানমার থেকে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের চাটার্ড ফ্লাইটে করে ঢাকায় আসেন। এদিনই তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে মিলিত হন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবারও ব্যস্ততম দিন কাটাচ্ছেন পোপ ফ্রান্সিস। সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে প্রার্থনা করেন তিনি। এরপর ভ্যাটিকান দূতাবাস পরিদর্শন করতে আসেন বিকাল সাড়ে তিনটার দিকে। বিকাল চারটার দিকে কাকরাইলের রমনা ক্যাথেড্রালে, আর্চবিশপ হাউজে বিশপদের সঙ্গে বৈঠক করেন পোপ।

আগামীকাল শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় তেজগাঁও মাদার তেরেসা ভবন পরিদর্শন করবেন পোপ ফ্রান্সিস। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও গির্জায় যাজক, ব্রাদার-সিস্টার, সেমিনারিয়ান ও নবিসদের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও কবরস্থান ও পুরানো গির্জা পরিদর্শন করবেন পোপ।

একইদিন বেলা ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর নটরডেম কলেজে যুব সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। আর বিকাল ৫টা ৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে রোমের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।