পর্যটক টানতে ভিসাপ্রক্রিয়া সহজ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেই মাত্র ১৫ থেকে ৩০ মিনিটে পাওয়া যাবে ট্যুরিস্ট ভিসা।গত সোমবার যাত্রীদের ভিসা অন অ্যারাইভাল সুবিধা দেওয়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। ইউএইতে যাঁরা আসছেন বা ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন এমন যেকোনো যাত্রী বিমানবন্দরে এলে তাদের দ্রুত ভিসা সেবা দিতে একটি কাউন্টার চালু করা হয়েছে। এ কাউন্টারের মাধ্যমে খুব সহজে ভিসা আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
নতুন এ সেবা দেওয়া হয়েছে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের (এইউএইচ) টার্মিনাল-৩-এ। এতে যেকোনো দেশের নাগরিকই নতুন করে চার দিন বা ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসা করতে পারবেন। এ ঘোষণা যৌথভাবে দিয়েছে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। ট্রানজিট ভিসার জন্য নতুন অন অ্যারাইভাল ভিসা কাউন্টারেও আবেদন করা যাবে আবার অনলাইনেও করা যাবে। ভ্রমণকারীরা তাদের ট্রানজিট ভিসা ভ্রমণ ভিসায়ও রূপান্তর করে নিতে পারবেন বিমানবন্দরে।
আবুধাবি এয়ারপোর্টের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মজিদ আল খুরি বলেন, ‘আমাদের স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করতে আমরা খুবই আগ্রহী।
নতুন এ ভিসা অফারের মাধ্যমে আমরা ভ্রমণকারীদের পূর্ণ সহযোগিতা দেব। বিশেষ করে ৯৬ ঘণ্টার ভিসার মাধ্যমে ট্রানজিট হিসেবে আবুধাবি ব্যবহারকারী এ দেশটিকেও ঘুরে দেখার সুযোগ পাবেন। আশা করা হচ্ছে নতুন এ ভিসাপ্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে পর্যটক বাড়বে।





